ওযূ নষ্ট হওয়ার কারণ ও ওযূ বিষয়ক ভুলভ্রান্তি।
একবার ওযূ করলে সেই ওযূ নষ্ট না হওয়া পর্যন্ত একাধিক সালাত আদায় করা যায়। নিচের কোন একটি কাজ করলে ওযূ ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে এবং সালাত আদায়ের জন্য নতুন করে ওযূ করা দরকার হবে:
১. পেশাব বা পায়খানার পথ দিয়ে কোন কিছু বেরিয়ে আসা। এ দু-স্থান থেকে পেশাব, পায়খানা, বীর্য, বায়ু বা অন্য যা কিছুই বের হোক তাতে ওযূ ভেঙে যাবে।
২. গভীর ঘুম যাতে মানুষ নিজের সম্পর্কে স্বাভাবিক অনুভূতি হারিয়ে ফেলে। সাধারণভাবে শুয়ে বা হেলান দিয়ে ঘুমালে ওযূ নষ্ট হয়। বসে বসে তন্দ্রাতে ওযূ নষ্ট হয় না।
৩. জ্ঞান হারানো। পাগলামি, অসুস্থতা, মাদকতা বা অন্য কারণে জ্ঞান হারালে ওযূ ভেঙে যাবে।
৪. ইসলাম ধর্ম ত্যাগ করা। ঈমান নষ্ট হয় এমন কোন কথা বললে, বিশ্বাস করলে বা ইসলামের মৌলিক কোন বিষয়ে সন্দেহ পোষণ করলে সে ইসলাম ত্যাগী বলে গণ্য হবে এবং তার ওযূ নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় তাকে পুনরায় ইসলাম গ্রহণ করতে হবে এবং সালাত ইত্যাদির প্রয়োজনে নতুন করে ওযূ করতে হবে।
৫. রক্তপাত হলে। মুখভরে বমি করলে।
সন্দেহ বা ওয়াসওয়াসার জন্য ওযূ যাবে না। উপরের কোন কারণ ঘটেছে বলে নিশ্চিত হলেই পুনরায় ওযূ করতে হবে।
অনেক মুসলিম অজ্ঞতার কারণে ওযূর সময় এমন কিছু কাজ করেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি বা তাঁর সুন্নাতের খেলাফ। এতে মুমিন সুন্নাত অনুসারে আমলের সাওয়াব থেকে বঞ্চিত হন বা গোনাহগার হন। যেমন:
১. মুখে নিয়্যাত উচ্চারণ করা। নিয়্যাত অর্থ ইচ্ছা। মনের মধ্যে ইচ্ছা পোষণ করতে হয়। মুখে উচ্চারণ অর্থহীন ও সুন্নাতের খেলাফ।
২. অতিরিক্ত পানি ব্যবহার করা বা পানির অপচয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেরের চেয়ে কম পানি দিয়ে ওযূ করতেন।
৩. ওযূর কোন স্থান শুকনো রয়েছে কি না এ ব্যাপারে সতর্ক না হওয়া।
৪. ওয়াসওয়াসার কারণে বারবার ওযূ করা বা ওযূর সময় তিনবারের বেশী কোন অঙ্গ ধোয়া।
Social Plugin